{{ news.section.title }}
মেসিই বিশ্বসেরা: এমবাপ্পে
বিশ্ব ফুটবলে বয়স যেন কেবলই একটি সংখ্যা। ৩৮ বছর বয়সেও মাঠে নিজের জাদু ছড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। আর মেসির এই দুর্দান্ত নৈপুণ্যের প্রশংসা করতে গিয়ে তাকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোল্ডেন বুটের দৌড়ে থাকা ফুটবলারদের মধ্যে সেরা কে, এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বিন্দুমাত্র দ্বিধা না করে লিওনেল মেসির নাম উচ্চারণ করেন। তার মতে, মেসিই বিশ্বের সেরা ফুটবলার এবং এ বিষয়ে কোনো বিতর্ক থাকার সুযোগ নেই।
এমবাপ্পে বলেন, ‘এই চারজনের মধ্যে সেরা খেলোয়াড়? লিওনেল মেসি, এটা একেবারেই পরিষ্কার। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সে বিশ্বের সেরা ফুটবলার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
বিশ্বকাপের গোল্ডেন বুটের সম্ভাব্য লড়াইয়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের নাম আলোচনায় রয়েছে। তবে ফরাসি তারকার কাছে অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও পারফরম্যান্সের বিচারে মেসিই সবার ওপরে।
সাবেক পিএসজি সতীর্থের প্রশংসা করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘গত ১৫ বছর ধরে মেসি অসাধারণ মানের ফুটবল খেলছে। তার অসাধারণ গুণাবলি বারবার প্রমাণিত হয়েছে। আমি শুধু নিজের সামর্থ্য দেখাতে চাই, সবচেয়ে বড় মঞ্চে ভালো খেলতে চাই এবং আমার দলকে আরেকটি বিশ্বকাপ জিততে সাহায্য করতে চাই।’
মেসি সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তার নেতৃত্বে দল ৩-০ গোলের জয় পায়। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও দুটি গোল করে আলোচনায় থাকেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমবাপ্পে বলেন, গোল্ডেন বুটের লড়াই নিয়ে সমর্থক ও গণমাধ্যমের আলোচনা স্বাভাবিক। তিনি বলেন, ‘এটা মানুষ, সাংবাদিক ও সমর্থকদের আলোচনার বিষয়। খেলোয়াড়দের নিয়ে বিতর্ক হওয়া ভালো।’
বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য দেখা গেছে। নতুন প্রজন্মের তারকা হিসেবে এমবাপ্পে ও হালান্ড নিজেদের প্রতিষ্ঠিত করলেও, মেসির প্রতি প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের এমন সম্মান তার অনন্য অবস্থানকেই আরও দৃঢ় করেছে।