{{ news.section.title }}
ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
যুক্তরাষ্ট্রে ম্যাচ শেষ করে দেশে ফেরার আগে একটি আবেগঘন বার্তা রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি রেখে তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করে। পরে সেই চিঠির ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।
জানা গেছে, মার্কিন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ইরান দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। দেশ ছাড়ার আগে তারা ড্রেসিংরুমে একটি বার্তা রেখে যায়, যেখানে নিজেদের ইতিহাস, সংস্কৃতি, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বশান্তির আহ্বান তুলে ধরা হয়।
চিঠিতে ইরান দল লিখেছে, “হাজারও বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটুট রয়েছে।”
তারা আরও লেখে, “ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।”
চিঠিতে ইরানি সমর্থকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দলটি উল্লেখ করে, “প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, কণ্ঠ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছেন।”
শুধু কৃতজ্ঞতা নয়, বার্তাটিতে ছিল বিশ্বশান্তি ও পারস্পরিক সম্মানের আহ্বানও। ইরান দল লিখেছে, “প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।”
ইরানের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কেবল একটি ক্রীড়া দলের বিদায়ী বার্তা নয়, বরং সংস্কৃতি, পরিচয় এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি প্রতীকী প্রকাশ হিসেবে দেখছেন।
চিঠির শেষে লাল কালিতে “৭৬৮” এবং “মিনাব” শব্দ দুটি লেখা ছিল। তবে এ দুটি শব্দ বা সংখ্যার তাৎপর্য সম্পর্কে ইরান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।