{{ news.section.title }}
স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও স্কটল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরুর আগেই অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বৈরী আবহাওয়ার পূর্বাভাস ফুটবলপ্রেমীদের উদ্বেগ বাড়িয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে ঠিক ওই সময়েই মিয়ামি অঞ্চলে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুধু তাই নয়, ম্যাচ শুরু হলেও বজ্রপাতের কারণে খেলা মাঝপথে বন্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। একই সঙ্গে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা না করে ম্যাচ পুনরায় শুরু করা যায় না। ফলে আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে দীর্ঘ সময়ের জন্য খেলা বন্ধ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চলমান বিশ্বকাপে এর আগেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আয়োজকদের। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে খেলোয়াড়দের পুনরায় ওয়ার্মআপের সুযোগ দিয়ে ম্যাচ শুরু করা হয়। সেই অভিজ্ঞতার কারণে এবার আয়োজকরাও বাড়তি সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্ভাব্য বিলম্ব বা খেলা বন্ধ হওয়ার পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড দল। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, এমন পরিস্থিতির জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, দল মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত রয়েছে। খেলা বিলম্বিত হলে কিংবা বন্ধ হলেও সেটি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রুপ সি থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে উঠতে হলে অন্তত এক পয়েন্ট প্রয়োজন তাদের। যদিও পরাজিত হলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে তাদের সম্ভাবনা টিকে থাকতে পারে।
অন্যদিকে, ব্রাজিল শিবিরেও রয়েছে বাড়তি উত্তেজনা। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন তারকা ফুটবলার নেইমার। তার সম্ভাব্য প্রত্যাবর্তন ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্কটল্যান্ড এখনো পাচ্ছে না গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যারন হিকিকে।
ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করতে পারবেন দুই দলের জমজমাট লড়াই। আর যদি বজ্রঝড় আঘাত হানে, তাহলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে প্রকৃতিই।