{{ news.section.title }}
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখাও সেলেসাওদের অন্যতম লক্ষ্য। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আ গে ব্রাজিল সমর্থকদের জন্য বড় এক দুঃসংবাদ এসেছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ঘিরে।
বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কাগজে-কলমে ব্রাজিল ফেবারিট হলেও ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। কারণ গ্রুপের শীর্ষস্থান হারালে নকআউট পর্বে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে তিনি ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন।
ব্রাজিলের কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী, নকআউট পর্বের জন্য নেইমারকে শতভাগ ফিট অবস্থায় রাখা হবে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা খুবই কম। এতে হতাশ হয়েছেন ব্রাজিলের অসংখ্য সমর্থক, যারা এই ম্যাচেই তার মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন।
তবে সমর্থকদের জন্য আশার খবরও রয়েছে। সাম্প্রতিক সময়ে নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। সে কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে বা প্রয়োজন অনুযায়ী তাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হতে পারে। যদি তা ঘটে, তাহলে বিশ্বকাপের মঞ্চে আবারও নেইমারের প্রত্যাবর্তনের সাক্ষী হবে ফুটবল বিশ্ব।
এদিকে ব্রাজিলের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। রাফিনিয়ার পরিবর্তে তরুণ ফরোয়ার্ড রায়ানকে সুযোগ দেওয়া হতে পারে। অনুশীলনে মূল দলের সঙ্গে তার উপস্থিতি সেই ইঙ্গিত দিচ্ছে। কোচ আনচেলত্তিও জানিয়েছেন, আগের ম্যাচের একাদশ থেকে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে ব্রাজিলের জন্য আরেকটি চিন্তার বিষয় হলো হলুদ কার্ডের ঝুঁকি। মিডফিল্ডার কাসেমিরো এবং ডগলাস সান্তোস দুজনই একটি করে হলুদ কার্ড নিয়ে খেলছেন। স্কটল্যান্ড ম্যাচে আরও একটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে তারা নিষিদ্ধ হয়ে যাবেন।
তবুও অভিজ্ঞতার গুরুত্ব বিবেচনায় এই দুই ফুটবলারকেই মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। কারণ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে চায় ব্রাজিল।
বিশ্বকাপের অনেক শেষ গ্রুপ ম্যাচ আনুষ্ঠানিকতায় পরিণত হলেও ব্রাজিলের জন্য স্কটল্যান্ডের বিপক্ষে এই লড়াই মোটেও তেমন নয়। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে নকআউটের সহজ পথ, গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা এবং সবচেয়ে বড় বিষয়, নেইমারের ধীরে ধীরে দলে ফিরে আসার প্রক্রিয়া।