স্পেসএক্সের স্যাটেলাইট সেবায় মাসে ৯২ কোটি ডলার ব্যয় করবে গুগল

স্পেসএক্সের স্যাটেলাইট সেবায় মাসে ৯২ কোটি ডলার ব্যয় করবে গুগল
ছবির ক্যাপশান, স্পেসএক্সের স্যাটেলাইট সেবায় মাসে ৯২ কোটি ডলার ব্যয় করবে গুগল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণে নতুন এক বড় পদক্ষেপ নিয়েছে গুগল। এআই সেবার জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতে স্পেসএক্সের সঙ্গে বহু-বছর মেয়াদি একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

নিয়ন্ত্রক নথিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি।

 

চুক্তির আওতায় গুগল প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ (GPU), সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে। এসব প্রযুক্তি মূলত বৃহৎ ভাষাভিত্তিক মডেল, এআই এজেন্ট এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা পরিচালনায় ব্যবহৃত হবে।

 

গুগল জানিয়েছে, তাদের এআইভিত্তিক পণ্য ও সেবার চাহিদা প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাহিদা সামাল দিতেই অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করা হচ্ছে।

 

স্পেসএক্সের পক্ষ থেকেও বলা হয়েছে, এআই শিল্পে দ্রুত সম্প্রসারণের ফলে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং অবকাঠামোর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। নতুন চুক্তিটি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এর আগে চলতি বছরের মে মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গেও একই ধরনের একটি বড় চুক্তি করে স্পেসএক্স। সেই চুক্তির আওতায় মাসিক ১২৫ কোটি ডলার মূল্যের কম্পিউটিং সক্ষমতা সরবরাহের কথা রয়েছে।

 

এদিকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছরে ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে অতিরিক্ত অর্থ সংগ্রহের উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

চুক্তিতে বাতিলের সুযোগও রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশের মাধ্যমে চুক্তি বাতিল করতে পারবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত কম্পিউটিং সক্ষমতা সরবরাহে ব্যর্থ হলে গুগলের জন্য আগেই চুক্তি বাতিলের সুযোগ থাকবে।

 

অন্যদিকে, স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বাস্তবায়িত হলে এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

 

বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে আগ্রাসী বিনিয়োগ করছে। গুগল ও স্পেসএক্সের এই চুক্তি সেই প্রবণতার অন্যতম বড় উদাহরণ।


সম্পর্কিত নিউজ