{{ news.section.title }}
পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদাসহ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। একইভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ও ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়েও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তরে, মো. জাহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এবং সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।