সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশান, সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে মিক কন্দ দানী (৬০) নামে এক বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সীমান্তের ওপারে একটি পাহাড়ি ছড়ার পানিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত মিক কন্দ দানী কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।

 

বিজিবি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ দূরে একটি নদী বা পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে মরদেহটি পড়ে ছিল। খবর পেয়ে স্থানীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

 

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ কিংবা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তঘেঁষা এলাকায় বসবাসের কারণে মিক কন্দ দানী প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন এবং খাসিয়া বাগানে শ্রমিক হিসেবেও কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

 

বুধবার সকাল ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে ১২৬০ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন তুরুং ছড়ার পানিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 

স্থানীয়দের দাবি, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পাথরের আঘাতের চিহ্ন ছিল। তবে এসব আঘাত দুর্ঘটনার কারণে নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 


সম্পর্কিত নিউজ