চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও কয়েকটি দোকান ধোঁয়া ও তাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সোয়া ৮টার দিকে শহরের নিউ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মার্কেট খোলার আগেই স্থানীয়রা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত দেখতে পান। প্রথমে রাজশাহী স্টোরে আগুন লাগে। পরে দ্রুত তা পাশের ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জেলা সদরের তিনটি ইউনিটের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার দুটি এবং নাচোল উপজেলার একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

 

ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। পানি সংকটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি আশপাশের পুকুর ও ডোবা থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চালানো হয়।

 

অগ্নিকাণ্ডে চারটি দোকানের আসবাবপত্র, পোশাক এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনের তীব্র ধোঁয়া ও তাপের কারণে আশপাশের অন্তত ৮ থেকে ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


সম্পর্কিত নিউজ