{{ news.section.title }}
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেককে বাসা ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের উৎস, মাত্রা ও কেন্দ্রস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ও কেন্দ্রস্থল সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৮ জুন রাতেও ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ১১ জুন ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল।