শিশু তাবাচ্ছুম হত্যা মামলায় তাহেরের মৃত্যুদণ্ড

শিশু তাবাচ্ছুম হত্যা মামলায় তাহেরের মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশান, শিশু তাবাচ্ছুম হত্যা মামলায় তাহের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (২২ জুন) ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র চার মাসের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় মামলাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সকালে কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান অভিযুক্ত আবু তাহের।

 

অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে স্থানীয় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।

 

ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দিন রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামি নিজের অপরাধ স্বীকার করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন গত ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটির দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।

 

আদালতে মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য, প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার শুনানি শেষ হয়। পরদিন আদালত রায় ঘোষণা করেন।
 


সম্পর্কিত নিউজ