{{ news.section.title }}
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া সেই ভাইরাল কৃষক আর নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবির হোসেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কবির হোসেন সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসেন। সাধারণ কৃষক হিসেবে তার উপস্থিতি এবং কৃষকদের প্রতিনিধিত্ব করার বিষয়টি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।