{{ news.section.title }}
তিন দিনের ব্যবধানে ত্রিশালে আবারও শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন দিনের ব্যবধানে আবারও এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের বিভিন্ন প্রশ্নের জবাবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা এবং বক্তব্যের বিষয়টি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ জানান, অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, এর আগেও গত ২০ জুন ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
একই উপজেলার মধ্যে মাত্র তিন দিনের ব্যবধানে শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধিক নজরদারি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, শিশু নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।