{{ news.section.title }}
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম
আওয়ামী লীগের ঐতিহাসিক ও রাজনৈতিক বিবর্তন নিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেছেন, পূর্ব পাকিস্তান আন্দোলনের ধারাবাহিকতা থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং ‘১৫০ মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’।
বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, পূর্ব পাকিস্তান আন্দোলন এবং অখণ্ড বাংলার রাজনৈতিক চিন্তা-ভাবনার ব্যর্থতা থেকেই আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। একইসঙ্গে ভাষা আন্দোলনেরও সূচনা হয়েছিল সেই রাজনৈতিক ধারার ভেতর থেকে।
তিনি উল্লেখ করেন, অর্থনীতিবিদ মোহাম্মদ আব্দুস সাদেক পূর্ব পাকিস্তান ও অখণ্ড বাংলার অর্থনৈতিক কাঠামো নিয়ে কাজ করেছিলেন এবং ১৯৫৪ সালে ‘দুই অর্থনীতি’ তত্ত্বের কথা তুলে ধরেছিলেন। পরবর্তীকালে এই তত্ত্বই ছয় দফার অর্থনৈতিক ভিত্তি হিসেবে ভূমিকা রাখে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
মাহফুজ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যুগের বাঙালি মুসলিম অর্থনীতি গ্রাজুয়েটদের অন্যতম ছিলেন মোহাম্মদ আব্দুস সাদেক। তিনি ইসলামিয়া কলেজে শিক্ষকতা করেছেন এবং শেখ মুজিবুর রহমান ওই কলেজে অধ্যয়নকালে তার শিক্ষক ছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের আগে আওয়ামী লীগ অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান উভয় ধারার বিরোধী শক্তি হিসেবে অবস্থান করেছিল। তবে পরবর্তীকালে মুজিববাদ ও বাকশাল আওয়ামী লীগকে ভারতের প্রভাববলয়ের মধ্যে নিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে মাহফুজ আলম বলেন, তরুণ শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালের ৭ জুন বঙ্গভঙ্গের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতেই ‘বাংলাদেশ’ নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, ঐতিহাসিক ১৫০ মোগলটুলীর যে রাজনৈতিক চেতনা থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল, বর্তমান দলটি সেই আদর্শ থেকে সরে গেছে।
মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের ইতিহাস একসময় বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে দলটি গণতন্ত্র, অর্থনৈতিক স্বাতন্ত্র্য ও সাংস্কৃতিক পরিচয় থেকে বিচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ বর্তমানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং রাজনৈতিক বাস্তবতায় দলটি তাদের পূর্বের অবস্থান হারিয়েছে।