{{ news.section.title }}
সড়ক দুর্ঘটনায় দোকানি নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা
রাজশাহীর পুঠিয়ায় ডাম্প ট্রাক চাপায় এক দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম (৬০) রাজশাহী সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পুঠিয়ার বিড়ালদহ মাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলারের দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি দ্রুতগতির ডাম্প ট্রাক সেখানে পৌঁছায়। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ক্ষোভে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয়রা ওই সড়কে দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ করা এবং দুর্ঘটনা রোধে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার কারণে শুরুতে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।