{{ news.section.title }}
রাঙ্গামাটিতে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ তিন দিন পর উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় হ্রদ থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত মো. মাসুদ কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী এবং কাপ্তাই পেপার মিলসের (কেপিএম) চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দেন মাসুদ। পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। পরে তার নৌকাটি হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া গেলেও তিনি সেখানে ছিলেন না।
নিখোঁজ হওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে কয়েক দিন ধরে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার দুপুরে নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড় মেয়ে মাইশা আক্তার তমা জানান, শনিবার সকালে তার বাবা ফারুয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, গর্জনটিলা এলাকায় তার নৌকাটি ভাসমান অবস্থায় রয়েছে, কিন্তু তিনি নিখোঁজ।
উদ্ধার অভিযানে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাসেরের নেতৃত্বে নৌবাহিনীর আট সদস্যের একটি ডুবুরি দল অংশ নেয়। এছাড়া ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অভিযানে সহযোগিতা করেন।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মাসুদ কাপ্তাই হ্রদের গভীর পানিতে তলিয়ে যান।