{{ news.section.title }}
লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি হিফজ মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলা ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ আব্দুল আহাদ শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নেন। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন দুপুরে শিশুটি মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। পরে সে কান্নাজড়িত কণ্ঠে মায়ের কাছে অভিযোগ করে যে, তার শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে উদ্ধার করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।