এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দামে কোনো চাপ পড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দামে কোনো চাপ পড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ হিসেবে আখ্যায়িত করলেও উন্নয়নের জন্য বড় স্বপ্ন ও পরিকল্পনা থাকা প্রয়োজন। তার মতে, মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে, তাই এটি একটি জনবান্ধব বাজেট।

শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, “বিরোধী দল বলছে বাজেট কল্পনার। কিন্তু কল্পনা না থাকলে কোনো বড় স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য বড় পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ জরুরি।”

 

তিনি আরও বলেন, অতীতের অনেক বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ উঠেছে। কিন্তু এবারের বাজেটে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার ফলে সাধারণ মানুষের ওপর নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হবে।

 


বাজেটের পাশাপাশি তিনি পঞ্চগড় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি ।


সম্পর্কিত নিউজ