পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবির আরবি বিভাগের অধ্যাপক

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবির আরবি বিভাগের অধ্যাপক
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা খাতে দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

তবে তার এই নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে অতীতে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কারণেও। এর আগে ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি থাকাকালে অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ওই বছরের নভেম্বরে বিভাগের অধিকাংশ শিক্ষক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে।

 

পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত বছরের ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তাকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি এবং পরবর্তী সময়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ কার্যকর থাকেনি।

 

নিয়োগের শর্ত অনুযায়ী, ড. ছবিরুল ইসলাম হাওলাদার যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. ছবিরুল ইসলাম হাওলাদারের সামনে প্রতিষ্ঠানটির একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার চ্যালেঞ্জ ও সুযোগ একসঙ্গে তৈরি হয়েছে।


সম্পর্কিত নিউজ