{{ news.section.title }}
জাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডিআইএসের যাত্রা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’–এর জাবি শাখার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই মানুষের বিকাশে বাধা নয়। বরং আত্মিক শক্তি, জ্ঞান ও নৈতিকতার বিকাশই একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। তিনি জাবিকে একটি প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং জানান, বাধামুক্ত ফুটপাথ ও উপযোগী অবকাঠামো নির্মাণের কাজ চলছে।
অনুষ্ঠানে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ব্রেইল পদ্ধতিতে কুরআন পাঠের কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, স্মার্টফোন ও সাদা ছড়ি বিতরণ করা হয়।