{{ news.section.title }}
জকসুর উদ্যোগে জবির একমাত্র ছাত্রী হলে বৈশাখী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে জকসু হল সংসদের উদ্যোগে বৈশাখী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে হলের আবাসিক নারী শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) হলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ খেলার আয়োজন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে অনুষ্ঠান। পহেলা বৈশাখে ক্যাম্পাসে দুইদিন ব্যাপী অনুষ্ঠান থাকায় হলের আয়োজন পিছিয়ে আজকের তারিখ দেওয়া হয়েছিল।
'স্মৃতির পটে প্রাণের টানে, শৈশব ফিরুক খেলার ছলে।' এই শিরোনামে খেলাধুলা আয়োজন করে জকসু হল সংসদ। যেখানে বালিশ খেলা,হাড়ি ভাঙা, পুকুর-পাড়ে ও সুই-সুতা দৌড়ের মতো শৈশবের সব মজাদার খেলা করা হয়।
হাড়ি ভাঙ্গা খেলায় ১ম হন সিরাজুম আরেফিন কনা(১৫ তম ব্যাচ) ও ২য় তনুশ্রী (১৬ তম ব্যাচ)।বেলুন পপিং খেলায় ১ম:কাজি সাদিয়া( ১৭ তম আবর্তন) ,২য়: নাদিয়া আফরিন কেয়া ও ৩য়: জান্নাতুল ফেরদৌস খুশি। বালিশ খেলায় ১ম:সাদিয়া জাহান ইতি,২য়:লাবনী আক্তার ও ৩য়: সাদিয়া নাজনীন। পুকুড়-পাড়ে ১ম: আমরিন,২য়: মিতু ও ৩য়:স্মৃতি আক্তার। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী রিতু বলেন,'খুবই আনন্দিত হয়েছি বৈশাখ উপলক্ষে এত সুন্দর খেলাধুলার আয়োজন দেখে। সাধারণত মেয়েরা ক্যাম্পাসে খেলাধুলার আয়োজন থাকলেও অংশগ্রহণ করতে চায় না। এই আয়োজন যেহেতু হলের মধ্যে সেহেতু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।'
হল সংসদের ক্রীড়া সম্পাদক সাবিকুন্নার সুলতানা বলেন,'ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার মনে একটি স্বপ্ন ছিল—আমাদের এই একমাত্র ছাত্রী হলে উৎসবের সেই পুরনো আমেজ ফিরিয়ে আনা। আমরা যারা এই হলে থাকি, আমাদের দৈনন্দিন জীবন নানা সংগ্রাম আর ব্যস্ততায় ঘেরা। এই পড়াশোনা আর নিয়মের যাঁতাকলে পিষ্ট হতে হতে আমরা যেন জীবন থেকে 'ক্রীড়া' বা আনন্দময় সময়গুলোকেই হারিয়ে ফেলেছিলাম। আমাদের আপ্রাণ চেষ্টা ছিল হলটাকে আবারও ক্রীড়াশীল করে তোলা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে আমার বিশ্বাস হচ্ছে যে, আমরা সফল হয়েছি। আমাদের খুব ইচ্ছে ছিল অনেক বড় পরিসরে এই আয়োজনটি করার। কিন্তু বাজেট এবং জায়গার সীমাবদ্ধতার কারণে আমরা আপাতত স্বল্প পরিসরেই শুরু করেছি। তবে আয়োজন ছোট হলেও আমাদের প্রাণের টান কিন্তু অনেক বড়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তা বোঝা যাচ্ছে।'
হল সংসদের সহ-সভাপতি (ভি.পি) জান্নাতুল উম্মি তারিন বলেন, আলহামদুলিল্লাহ্, জবির একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে হল সংসদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনটি ছিল আমাদের হলের ইতিহাসে প্রথম এত বড় ও পরিপাটি ক্রীড়া আয়োজন, যা সত্যিই এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বেলুন পপিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, পুকুর-পাড় দৌড় সহ প্রতিটি খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
তাদের এই উচ্ছ্বাস ও সন্তুষ্টিই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও বাঙালিয়ানা ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই আমরা এত সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি।