{{ news.section.title }}
গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় জাবিতে জাকসুর সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বিস্তারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Research and Integrated Thoughts Ltd (RIT)-এর সহযোগিতায় আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল “Understanding a Research Paper: Fundamentals of Academic Research”।
রবিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে গবেষণার মৌলিক ধারণা, পদ্ধতি, বিশ্লেষণ ও একাডেমিক লেখালেখি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারটি পাঁচটি পৃথক সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ, কাঠামো ও একাডেমিক যুক্তি নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান গবেষণা সমস্যা নির্ধারণ, উদ্দেশ্য নিরূপণ এবং গবেষণা প্রশ্ন প্রণয়নের কৌশল তুলে ধরেন।
তৃতীয় সেশনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর সহকারী অধ্যাপক ড. মাহমুদুন নাবি গবেষণা নকশা, পদ্ধতি নির্বাচন এবং তথ্য সংগ্রহের কৌশল বিষয়ে আলোকপাত করেন।
চতুর্থ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আখের আলী গবেষণায় তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মৌলিক বিষয়গুলো উপস্থাপন করেন।
সমাপনী পঞ্চম সেশনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম একাডেমিক লেখালেখি, রেফারেন্সিং মানদণ্ড এবং গবেষণা উপস্থাপনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি আনুষঙ্গিক বিষয় নয়; বরং জ্ঞান উৎপাদন ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই একটি সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RIT-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন। তিনি বলেন, “গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতিগত দক্ষতা অর্জন ছাড়া বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।”
অনুষ্ঠানে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।” সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গবেষণাভিত্তিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।