{{ news.section.title }}
জবিতে বিগত ১৬ বছরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি তদন্তে কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন এবং বেতন গ্রেড প্রদান সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান ভূঁইয়াকে তদন্ত কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা আগামী ১৬ জুন ২০২৬ থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেবেন।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন তদন্ত কর্মকর্তা। প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে দীর্ঘদিনের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।