{{ news.section.title }}
বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির
ইউনিয়ন ও বিভিন্ন স্থাপনার নামকরণ নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবারের সদস্যের নামে পরিবর্তনের আবেদনকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব তার মায়ের নামে একটি বিদ্যালয়ের নামকরণের জন্য আবেদন করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং সুপারিশ চেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, বিদ্যালয়টির নাম পরিবর্তনের আবেদনকারী স্বয়ং সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। তার আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে যৌক্তিকতা ও সুস্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে হবে।
তবে প্রশাসনিক নথি পর্যালোচনায় দেখা গেছে, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নামই ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। পরে ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখা হয়।