{{ news.section.title }}
নিয়ম না মেনে আইকিউএসি পরিচালক নিয়োগ জবি উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক পদে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশফিকুর রহমানকে।
১৪ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েককে আইকিউএসি পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশফিকুর রহমানকে পরবর্তী দুই বছরের জন্য আইকিউএসি’র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালক বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। ১৫ জুন ২০২৬ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. আবু লায়েক গত বছর আইকিউএসি’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রশাসন নতুন নিয়োগ দেওয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।