‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’

‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’
ছবির ক্যাপশান, ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির নিঃশর্ত মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ইমির অবিলম্বে মুক্তি দাবি করেন।

 

সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ ও ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, দেশের সংবিধানের কোথাও কি লেখা আছে যে ‘জয় বাংলা’ বলা যাবে না কিংবা ৭ মার্চের ভাষণ প্রচার করা যাবে না। যদি কোনো আইনে এগুলো নিষিদ্ধ থাকে, তবে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করবেন।

 

তিনি আরও বলেন, এমন কোনো নিষেধাজ্ঞা না থাকলে প্রতিবাদের স্বরে দাবি জানাচ্ছেন, ইমিকে দ্রুত মুক্তি দিতে হবে।

 

নাহিদুল ইসলাম বলেন, ইমিকে মুক্ত করে রাজু ভাস্কর্য থেকেই সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এগিয়ে নিতে চান তারা। হয়রানিমূলক মামলায় একজন নারী নেত্রীকে আটকে রাখা বৈষম্যহীন সমাজ গঠনের পথে বাধা বলেও মন্তব্য করেন তিনি।

 

সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

 

ইমির অনুসারীদের দাবি, রাজনৈতিক আদর্শের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
 


সম্পর্কিত নিউজ