চবিতে রাতে গ্রিনপিট ভাইপারের দংশনের শিকার শিক্ষার্থী

চবিতে রাতে  গ্রিনপিট ভাইপারের দংশনের শিকার শিক্ষার্থী
ছবির ক্যাপশান, জাগরণ ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা, এক শিক্ষার্থী সর্পদংশনের শিকার হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ সংলগ্ন এফ রহমান হলের সড়কে এ ঘটনা ঘটে।

সর্পদংশনের শিকার শিক্ষার্থী বরকতউল্লাহ বিশ্বাস, যিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি সেন্ট্রাল মসজিদের পাশ দিয়ে হলে ফেরার পথে হঠাৎ সাপে কামড়ের শিকার হন। তবে তিনি সাপটি দেখতে পাননি।

 

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন Society for Snake & Snakebite Awareness (3SA)-এর সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা সম্পন্ন হয়। 3SA টিম রোগীর চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তাকে মানসিক সহায়তাও প্রদান করে।

 

চিকিৎসা সংশ্লিষ্ট তথ্য ও উপসর্গ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বরকতউল্লাহ বিষধর ‘সবুজ বোড়া’ সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরীক্ষার কারণে রোগীর অনুরোধে তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাসায় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত পুনরায় হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে 3SA-এর প্রতিষ্ঠাতা রফিক জানান, “কামড়ের ধরন দেখে মনে হয়েছে সুঁইয়ের মতো আঘাত। ক্যাম্পাসে থাকা বিষধর সাপের ধরন অনুযায়ী এটি সবুজ বোড়া হওয়ার সম্ভাবনাই বেশি। তার পা ফুলে গিয়েছিল, আমরা সর্বোচ্চ সহায়তা দিয়েছি। বর্তমানে সে স্থিতিশীল আছে।” সংগঠনটির আরেক সদস্য নাফিস হাসান বলেন, “আমাদের সব রেসকিউ ও পরামর্শ বৈজ্ঞানিকভাবে যথাযথ পদ্ধতিতে প্রদান করা হয়।”

 

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তায় কয়েকটি জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে 3SA। অন্ধকারে চলাচলের সময় টর্চ বা মোবাইল ফ্ল্যাশলাইট ব্যবহার, রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং মেঝেতে না শোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাপ দেখলে কাছে না যাওয়া এবং কোনো অবস্থাতেই নিজে ধরার চেষ্টা না করতে বলা হয়েছে। সাপে কামড়ের ক্ষেত্রে ক্ষতস্থানে শক্ত করে বাঁধা বা কাটাছেঁড়া না করে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা ।

 

এছাড়া সংগঠনটি জানায়, ক্যাম্পাসে সাপ সংক্রান্ত যেকোনো জরুরি সহায়তার জন্য তাদের হেল্পলাইনে যোগাযোগ করা যাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও তাদের থেকে সহায়তা পাওয়া সম্ভব।


সম্পর্কিত নিউজ