{{ news.section.title }}
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে হাম এবং হামের উপসর্গ মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৩ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৯৬ জন। সব মিলিয়ে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জন।
এ সময়ে মোট ৭৯ হাজার ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।