হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু
ছবির ক্যাপশান, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি বেড়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশু উভয়ই রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৮০ জন রোগী ভর্তি হয়েছেন।

 

আরও পড়ুন: তিন দিনের ব্যবধানে ত্রিশালে আবারও শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

 

বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগী শিশু এবং অনেকের ক্ষেত্রেই সময়মতো হাসপাতালে না আসার কারণে জটিলতা বাড়ছে।

 

অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ২৪ জন হাম আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৯৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে ২১ জন রোগী বাড়ি ফিরেছেন। তবে নতুন রোগী ভর্তি হওয়ার প্রবণতা অব্যাহত থাকায় চিকিৎসা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

 


সম্পর্কিত নিউজ