আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খামেনির স্মরণসভা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত কমিটি জানিয়েছে, মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জুন) স্মরণসভা কমিটির সদর দপ্তর খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের জানাজা ও স্মরণানুষ্ঠান বিষয়ে দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে।

 

বিবৃতিতে জানানো হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণসভা, জানাজা ও দাফন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটির সময়সূচি ও আয়োজন নিয়ে প্রকাশিত যাচাইবিহীন তথ্য এবং গুঞ্জনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।

 

কমিটির ভাষ্য অনুযায়ী, ভিত্তিহীন এসব তথ্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং যারা ঐতিহাসিক এই শোকানুষ্ঠানে অংশ নিতে চান, তাদের জন্যও অনিশ্চয়তার কারণ হয়ে উঠছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ইমাম হুসাইনের (আ.) স্মরণে মহররমের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকার ও শ্রদ্ধার বিষয়টি বিবেচনায় নিয়েই আশুরার পর, অর্থাৎ মহররমের প্রথম দশক শেষ হওয়ার পর জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতি মাথায় রেখে নিরাপত্তা, পরিবহন, জনসেবা এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতে বিভিন্ন সরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তাদের মতে, অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত সময়সূচি, স্থান এবং অন্যান্য আনুষ্ঠানিক তথ্য পরবর্তী সময়ে পৃথকভাবে ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। এরপর থেকেই দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


সম্পর্কিত নিউজ