ইরানকে পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে, কঠোর বার্তা পিট হেগসেথের

ইরানকে পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে, কঠোর বার্তা পিট হেগসেথের
ছবির ক্যাপশান, ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে: পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তি করার সুযোগ রয়েছে। তবে এজন্য তেহরানকে অবশ্যই যাচাইযোগ্যভাবে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরও বিস্তৃত হচ্ছে বলে দাবি করেছেন হেগসেথ।


হেগসেথ বলেন, ইরান এখনো আলোচনার টেবিলে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার সুযোগ রাখে। তার ভাষায়, তেহরান যদি অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ পরিত্যাগ করে, তাহলে একটি ভালো চুক্তির দরজা খোলা আছে।


সংবাদ সম্মেলনে হেগসেথ দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো এখন মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের পরিধি বাড়ছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।


এ সময় তার পাশে থাকা শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সব বন্দরে কঠোর অবরোধ বজায় রেখেছে। শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।কেইনের ভাষ্য অনুযায়ী, ইরানের দিকে যাওয়া বা ইরান থেকে বের হওয়া প্রতিটি জাহাজ নজরদারিতে রাখা হচ্ছে। প্রয়োজন হলে এসব জাহাজের গতিরোধ করতেও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।


হেগসেথ আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের যেকোনো মাইন পাতার চেষ্টা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তার অভিযোগ, ইরান ছোট ও দ্রুতগামী সশস্ত্র নৌযান ব্যবহার করে ঝুঁকিপূর্ণ তৎপরতা চালাচ্ছে।


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়। যুক্তরাষ্ট্রের হাতে সময় আছে এবং তেহরানের উচিত আলোচনায় ফিরে আসা।


এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু হতে পারে। পাকিস্তানে সম্ভাব্য আলোচনার বিষয়টিও কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে। 
 


সম্পর্কিত নিউজ