{{ news.section.title }}
পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় পৌঁছেছেন। সোমবার মস্কো সফরে তিনি রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের মূল লক্ষ্য চলমান যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে অবস্থান সমন্বয় করা।
রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ এবং মধ্যপ্রাচ্যের নতুন সংকটের মধ্যে তেহরান এখন মস্কোর রাজনৈতিক সমর্থন চাইছে বলে বিশ্লেষকদের ধারণা।
এর আগে আরাঘচি পাকিস্তান ও ওমান সফর করেন। ইসলামাবাদে তিনি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ওমানে গিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে আলোচনা করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা জরুরি ছিল, কারণ তারা মধ্যস্থতায় যুক্ত রয়েছে। কিছু অগ্রগতি হলেও ওয়াশিংটনের অতিরিক্ত দাবির কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি দুই মাসের সংঘাতের অবসানে আলোচনা করতে চায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান জানে চুক্তিতে কী থাকতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, অন্যথায় বৈঠকের কোনো প্রয়োজন নেই।
ইরান দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার দাবি জানিয়ে আসছে। তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই কর্মসূচি চালায়। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এর আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা থমকে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।