ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ছবির ক্যাপশান, ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহারের জন্য তেহরানের হাতে এখনো শক্তিশালী কিছু ‘ট্রাম্প কার্ড’ বা কৌশলগত হাতিয়ার রয়েছে।

রোববার, ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে প্রভাব বিস্তারের সক্ষমতা ইরানকে এই দ্বন্দ্বে সুবিধাজনক অবস্থানে রেখেছে।

 

গালিবাফ বলেন, ইরানের ‘সরবরাহ কার্ড’ যুক্তরাষ্ট্রের ‘চাহিদা কার্ড’-এর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তিনি হরমুজ প্রণালি, বাব আল-মানদেব প্রণালি এবং বিভিন্ন জ্বালানি পাইপলাইনের কথা উল্লেখ করেন।

 

তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি কৌশলগত তেলের মজুত ব্যবহার বা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চায়, তাহলে ইরানও গুরুত্বপূর্ণ জলপথ ও সরবরাহ লাইন ব্যবহার করে বিশ্ববাজারে পাল্টা চাপ সৃষ্টি করতে সক্ষম।

 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন গ্রীষ্মকালীন অবকাশ মৌসুমও তাদের একটি দুর্বলতা হতে পারে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তিনি তেলের মূল্যবৃদ্ধির ফলে মার্কিন অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে সম্ভাব্য চাপের দিকেই ইঙ্গিত করেছেন।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, অবকাশ যাপনের মৌসুমে জ্বালানির দাম বেড়ে গেলে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করবে।

 

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ যুদ্ধবিরতি চলছে। তবে গালিবাফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, পর্দার আড়ালে দ্বন্দ্ব এখনো পুরোপুরি শেষ হয়নি।

 

বিশেষ করে হরমুজ প্রণালি ও বাব আল-মানদেব প্রণালির মতো সংবেদনশীল এলাকায় ইরানের প্রভাব বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।
 


সম্পর্কিত নিউজ