{{ news.section.title }}
হরমুজের জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে কোনো ধরনের টোল বা ফি দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল, জিসিসি, এ অবস্থান জানিয়েছে।
মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় জিসিসির বৈঠক শেষে জোটের মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের দাবি অবৈধ এবং তা প্রত্যাখ্যান করছে জিসিসি।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করতে হবে। কোনো একক দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না।
হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করেছে। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। তাই এখানে যেকোনো বাধা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।
ইরান সম্প্রতি জানায়, হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে হলে তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হিসেবে টোল দিতে হবে।
জিসিসির বৈঠকে ইরানের এই নিয়ম সরাসরি প্রত্যাখ্যান করা হয়। জোটটি বলেছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা একক কোনো দেশের বিষয় নয়, বরং সব সদস্যরাষ্ট্রের যৌথ স্বার্থের সঙ্গে যুক্ত।