‘অবরুদ্ধ’ হরমুজ দিয়েই গেল নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ

‘অবরুদ্ধ’ হরমুজ দিয়েই গেল নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ
ছবির ক্যাপশান, ‘অবরুদ্ধ’ হরমুজ দিয়েই গেল নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ

মার্কিন নজরদারি ও অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি চীনা তেলবাহী জাহাজ। ‘রিচ স্টারি’ নামের এই ট্যাংকারটি মঙ্গলবার প্রণালিটি পাড়ি দেয়, যা চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ অর্থনৈতিক তথ্য সংস্থা এলএসইজি, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী মেরিন ট্রাফিক এবং কেপলারের তথ্য অনুযায়ী, মার্কিন অবরোধ ঘোষণার পর এই প্রথম কোনো বিদেশি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করল। বিশেষ করে জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হওয়ায় ঘটনাটি আরও গুরুত্ব পাচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর মধ্যে সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিনের যুদ্ধের পর দুই পক্ষ ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালায়। এ লক্ষ্যে ১১ এপ্রিল ইসলামাবাদ–এ বৈঠকও অনুষ্ঠিত হয়, তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি হয়নি।

এরপর ১২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের সামুদ্রিক বন্দরগুলো অবরোধের ঘোষণা দেন। তার নির্দেশনা অনুযায়ী সেন্ট্রাল কমান্ড দ্রুত ওই অঞ্চলে নজরদারি ও প্রহরা জোরদার করে।

এই কঠোর নজরদারির মধ্যেই ‘রিচ স্টারি’ প্রণালিটি অতিক্রম করায় পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। জাহাজটি মাঝারি আকারের একটি ট্যাংকার, যা একবারে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বহনে সক্ষম।

ইরানি তেল পরিবহন ও বাণিজ্যিক সংশ্লিষ্টতার অভিযোগে এর মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড–এর ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে চীনা ক্রুরা অবস্থান করছিলেন।

সূত্রঃ রয়টার্স


সম্পর্কিত নিউজ