সোনা-রুপার ভরি কত আজ

সোনা-রুপার ভরি কত আজ
ছবির ক্যাপশান, ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম এখনো ইতিহাসের সর্বোচ্চ স্তরের কাছাকাছি অবস্থান করছে। টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পরও ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ঘরে রয়েছে। একইসঙ্গে রুপার দামও সাড়ে ৫ হাজার টাকার বেশি থাকায় মূল্যবান ধাতুর বাজারে ক্রেতাদের ব্যয় বেড়েছে।

বাংলাদেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২৫ মে থেকে নতুন দর কার্যকর করেছে। পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই সারা দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।

 

বাজুস নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। ফলে তুলনামূলক কম দামের সোনা কিনতে গেলেও ক্রেতাদের দেড় লাখ টাকার বেশি ব্যয় করতে হচ্ছে।

 

শুধু সোনা নয়, রুপার বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

 

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয় এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করেই নিয়মিত দাম সমন্বয় করা হয়। সাম্প্রতিক সময়ে কয়েক দফা দাম কমানো হলেও স্বর্ণের বাজার এখনো অস্বাভাবিক উচ্চ পর্যায়ে রয়েছে।

 

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে। কখনো বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে ভরিতে কয়েক হাজার টাকা বেড়েছে, আবার স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমলে কিছুটা হ্রাস পেয়েছে। তবে সামগ্রিকভাবে গত কয়েক বছরে স্বর্ণের দাম ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতাই ধরে রেখেছে।

 

এদিকে বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি আলাদাভাবে যোগ হবে। ফলে গয়নার ধরন, নকশা ও কারুকাজভেদে ক্রেতাদের প্রকৃত ব্যয় আরও বাড়তে পারে।


সম্পর্কিত নিউজ