{{ news.section.title }}
দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরিতে কত?
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।
এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় নির্ধারিত হয়েছিল।
নতুন এই সিদ্ধান্তের ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩২ দফা দাম বেড়েছে এবং ২৪ দফা কমানো হয়েছে। আগের বছর অর্থাৎ ২০২৫ সালে স্বর্ণের দামে মোট ৯৩ বার পরিবর্তন আনা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।