{{ news.section.title }}
পরিবহনের ভাড়া বৃদ্ধি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা, আন্তঃজেলা, ডিটিসিএ এলাকায় চলাচলরত মিনিবাস ও ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
এটাকে ‘ভাড়া বৃদ্ধি’ না বরং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নতুন ভাড়াকে ‘সমন্বয়’ করা হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মন্ত্রী।
তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন এবং পরিবহনের যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে দাবি করে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বৃদ্ধির দাবি জানিয়েছিল পরিবহন মালিকরা। পরে সেটি কমিয়ে ২২ পয়সা এবং সবশেষ আলোচনার মাধ্যমে ১১ পয়সা করা হয়েছে।
ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি আরও বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। তবে জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমবে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাগিয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।