{{ news.section.title }}
যশোরের পথে প্রধানমন্ত্রী
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি। সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গুলশান থেকে বিমানবন্দরে এসে তিনি যশোরগামী ফ্লাইটে রওনা হয়েছেন।
সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দিনের কর্মসূচি শেষে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।