দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?
ছবির ক্যাপশান, দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও আমদানিনির্ভরতার কারণে দামে ঘন ঘন পরিবর্তন দেখা গেলেও সর্বশেষ কমার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত এই নতুন দাম কার্যকর রয়েছে। ফলে ক্রেতারা বর্তমানে কম দামে স্বর্ণ কেনার সুযোগ পাচ্ছেন।

 

বাজুস নির্ধারিত নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়।

 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

 

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের পর বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সর্বশেষ ২৭ এপ্রিল স্পট মার্কেটে স্বর্ণের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৬ ডলারের বেশি হয়েছে।

 

এছাড়া রুপার দামও বেড়ে প্রতি আউন্স ৭৬ ডলারের বেশি হয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম কিছুটা বেড়েছে, তবে প্যালাডিয়ামের দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে।


সম্পর্কিত নিউজ