বাংলাদেশিদের জন্য যে বার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য যে বার্তা দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলে ভিসা পাওয়া যাবে না-এমনই কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কোনো আবেদনকারীর ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে তার ভ্রমণের প্রধান উদ্দেশ্য এটি, তাহলে তার ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

 

দূতাবাসের এই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া মানেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা নয়। ভিসা থাকার পরও চূড়ান্তভাবে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষমতা থাকে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে। তারা পরিস্থিতি বিবেচনা করে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।

 

এছাড়া ভিসার শর্ত ভঙ্গের বিষয়েও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কাজে জড়িত হওয়া (যেমন ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব ক্ষেত্রে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

 

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে “বার্থ ট্যুরিজম” বা সন্তান জন্ম দিতে বিদেশ ভ্রমণের প্রবণতা বাড়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করছে। এর অংশ হিসেবেই এমন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।


সম্পর্কিত নিউজ