কারা হলেন লরিয়াস বর্ষসেরা? আলকারাজ-সাবালেঙ্কা, উদীয়মান ইয়ামাল

কারা হলেন লরিয়াস বর্ষসেরা? আলকারাজ-সাবালেঙ্কা, উদীয়মান ইয়ামাল
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস-এ এবার আধিপত্য দেখিয়েছে টেনিস। ‘খেলাধুলার অস্কার’ নামে পরিচিত এই পুরস্কারের শীর্ষ দুই বিভাগ-বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ-দুটিই গেছে টেনিসের ঘরে।

বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ, আর নারী বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। দুজনই প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেছেন।

স্পেনের রাজধানী মাদ্রিদ-এর ঐতিহাসিক সিবেলেস প্যালেস-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গতকাল রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ এবং ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু।

 

আলকারাজ–সাবালেঙ্কার সাফল্যের গল্প

মাত্র ২২ বছর বয়সেই গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে আলোচনায় আসেন আলকারাজ। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদের স্বীকৃতি। পুরস্কার হাতে নিয়ে আলকারাজ বলেন, “যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।” অন্যদিকে, সাবালেঙ্কা গত বছর ইউএস ওপেন জয়ের মাধ্যমে নিজের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা অর্জন করেন। সেই অর্জনের স্বীকৃতিতেই তিনি জিতেছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার।

 

অনুভূতি জানাতে গিয়ে সাবালেঙ্কা বলেন, “আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি-বিষয়টা ভাবতেই অবিশ্বাস্য লাগছে।” তরুণ বিভাগে ইয়ামালের উত্থান বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার গেছে স্পেনের উঠতি ফুটবল তারকা লামিনে ইয়ামাল-এর হাতে। বার্সেলোনা-এর এই ১৮ বছর বয়সী উইঙ্গার ইতোমধ্যেই নিজের পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে আলোচনায় উঠে এসেছেন।

 

পুরস্কার জয়ের পর ইয়ামাল বলেন, “আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের।” এ সময় তিনি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি-কে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং তাকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন বলে অভিহিত করেন।

 

সেরা দল পিএসজি

দলগত বিভাগে বর্ষসেরা হয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। গত মৌসুমে ট্রেবল জয়ের পাশাপাশি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব তাদের এই স্বীকৃতি এনে দেয়।


সম্পর্কিত নিউজ