হৃদয়-শামীমের ঝড়ে ১২ বল হাতে রেখেই বাংলাদেশের জয়

হৃদয়-শামীমের ঝড়ে ১২ বল হাতে রেখেই বাংলাদেশের জয়
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Latif

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত রান তাড়ায় নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছিল কিউইরা। জবাবে তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে লিটন দাসের দল।

১৮৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব বিস্ফোরক না হলেও ইতিবাচক ছিল বাংলাদেশের। প্রথম ওভারেই জীবন পান তানজিদ হাসান তামিম, ডিপ থার্ডে তার ক্যাচ ফেলেন ইশ সোধি। এরপর সাইফ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন তানজিদ। ষষ্ঠ ওভারে সাইফ ১৬ বলে ১৭ রান করে নাথান স্মিথের শিকার হন।


লিটন দাস শুরুতে স্বচ্ছন্দ ছিলেন। কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারিও মারেন বাংলাদেশ অধিনায়ক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির বলে বোল্ড হন লিটন। কিছুক্ষণ পর ২৫ বলে ২০ রান করা তানজিদও সোধির শিকার হলে ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।


এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে মাত্র ২৮ বলে ৫৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ওপর চাপ ফিরিয়ে দেন তারা। পারভেজ ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে জশ ক্লার্কসনের বলে আউট হন।

পারভেজ ফেরার পর ক্রিজে আসেন শামীম হোসেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। হৃদয় ও শামীম মিলে কিউই বোলারদের ওপর চড়াও হন। ১৬তম ওভারে নাথান স্মিথের বলে দুই ছক্কাসহ ১৮ রান তোলে বাংলাদেশ। পরের ওভারে ম্যাথিউ ফিশারের ওভার থেকে আসে ২৫ রান, যেখানে নো বল, বাউন্ডারি ও শামীমের ছক্কায় ম্যাচ প্রায় শেষ হয়ে যায়।


হৃদয় ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। শামীম খেলেন ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩১ রানের বিধ্বংসী ইনিংস। ১৮ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও ঝড়ো শুরু পেয়েছিল। টিম রবিনসন শূন্য রানে রানআউট হলেও কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার দ্বিতীয় উইকেটে দ্রুত রান তোলেন। ক্লিভার ২৮ বলে ৫১ রান করে রিশাদ হোসেনের বলে এলবিডব্লিউ হন। ক্লার্কও ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ রান করে রিশাদের শিকার হন।


১০ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলে বড় সংগ্রহের পথে ছিল নিউজিল্যান্ড। কিন্তু মাঝের ওভারগুলোতে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বেভন জ্যাকবসকে ফেরান তানজিম হাসান সাকিব, ডিন ফক্সক্রফটকে বোল্ড করেন মেহেদী হাসান। ১০০/২ থেকে ১৩০/৫ এই ধাক্কায় কিউইদের রানের গতি কিছুটা কমে যায়।


শেষদিকে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ এবং জশ ক্লার্কসন ১৪ বলে অপরাজিত ২৭ রান করে নিউজিল্যান্ডকে ১৮২ রানে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে রিশাদ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান।


এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।


সম্পর্কিত নিউজ