নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার?

নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্ট এখন পৌঁছেছে নকআউট পর্বে। ৪৮ দল নিয়ে শুরু হওয়া আসর থেকে এখন টিকে আছে মাত্র ৩২টি দল। শেষ বত্রিশের ম্যাচগুলো নির্ধারিত হওয়ায় কোন দল কতদূর যেতে পারে, সে হিসাবও এখন আরও পরিষ্কার। সেই হিসাবেই নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট।

নকআউট পর্ব শুরুর আগেই অপটার সুপারকম্পিউটার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল। বাস্তবেও সেই ফলই এসেছে। ফলে বিশ্বকাপের পরবর্তী ধাপগুলো নিয়েও তাদের সর্বশেষ সম্ভাব্যতার হিসাব এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

 

অপটার হিসাব অনুযায়ী, শেষ বত্রিশ থেকে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পেদের এই ধাপে জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮১.৫ শতাংশ। এরপর কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ২৮.৪ শতাংশ।

 

শুধু ফাইনালে ওঠাই নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও সবার শীর্ষে রয়েছে ফ্রান্স। অপটার সুপারকম্পিউটার অনুযায়ী, এবারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ফরাসিদের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।

 

তবে নকআউটের বিভিন্ন ধাপ অতিক্রম করার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হওয়া লিওনেল মেসিদের জয়ী হয়ে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ, যা এই পর্বে সর্বোচ্চ।

 

এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ ধরা হয়েছে আর্জেন্টিনার। অর্থাৎ ফাইনালে পৌঁছানোর দৌড়ে আর্জেন্টিনা ফ্রান্সের চেয়ে এগিয়ে থাকলেও, শিরোপা জয়ের চূড়ান্ত সম্ভাবনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ফরাসিরা।

 

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ৯.৭ শতাংশ, আর ব্রাজিলের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৫ শতাংশ।

 

এ ছাড়া সম্ভাবনার তালিকায় নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। একই সঙ্গে কলম্বিয়ার সম্ভাবনা ৩.২ শতাংশ, নরওয়ের ৩ শতাংশ, স্বাগতিক যুক্তরাষ্ট্রের ২.৫ শতাংশ এবং সুইজারল্যান্ডের ২.২ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এই দলগুলোর যেকোনো একটি টুর্নামেন্টের সমীকরণ বদলে দিতে পারে।

 

অন্যদিকে তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। গত বিশ্বকাপের চমক মরক্কো এবং বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ করে। আর এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১ শতাংশ।

 

তবে অপটা অ্যানালিস্টের এই পূর্বাভাস সম্পূর্ণই গাণিতিক মডেল, পরিসংখ্যান এবং সম্ভাব্যতার বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। বাস্তবে ফুটবল এমন একটি খেলা, যেখানে একটি ম্যাচের ৯০ মিনিটেই বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। তাই পরিসংখ্যান এক ধরনের ধারণা দিলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই।


সম্পর্কিত নিউজ