{{ news.section.title }}
বিশ্বকাপে কে পেল কত টাকা? শীর্ষে স্পেন, এরপর আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে। ৪৮ দলের এই আসরে শুধু মাঠের লড়াই নয়, রেকর্ড গড়েছে আর্থিক পুরস্কারও। বিশ্বকাপের আগে ফিফা মোট আর্থিক বণ্টন ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। শিরোপার সঙ্গে লুইস দে লা ফুয়েন্তের দলের ঝুলিতে যাচ্ছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা)। এর বাইরে টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি ব্যয় বাবদ প্রতিটি অংশগ্রহণকারী দলের মতো স্পেনও পেয়েছে ২.৫ মিলিয়ন ডলার।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য বরাদ্দ ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে ১৯ মিলিয়ন ডলার করে পাবে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য রয়েছে ১৫ মিলিয়ন ডলার। নতুন সংযোজিত শেষ ৩২ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১১ মিলিয়ন ডলার করে।
অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দলের জন্যও রয়েছে উল্লেখযোগ্য আর্থিক পুরস্কার। প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি, ক্যাম্প, ভ্রমণ ও অন্যান্য ব্যয়ের জন্য সব ৪৮টি অংশগ্রহণকারী সদস্য সংস্থাকে ২.৫ মিলিয়ন ডলার করে দিয়েছে ফিফা। ফলে কোনো দলই ১২.৫ মিলিয়ন ডলারের কম আর্থিক সহায়তা পায়নি।
ফিফার তথ্য অনুযায়ী, এই অর্থ সরাসরি খেলোয়াড়দের নয়, সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশনের কাছে প্রদান করা হয়। এরপর প্রতিটি দেশের ফুটবল সংস্থা নিজস্ব নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে অর্থ বণ্টনের সিদ্ধান্ত নেয়।
২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরের প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিফার লক্ষ্য ছিল ৪৮ দলের সম্প্রসারিত আসরে অংশ নেওয়া সব দেশের আর্থিক ব্যয় কমানো এবং বড় টুর্নামেন্টে অংশগ্রহণকে আরও লাভজনক করে তোলা। সেই লক্ষ্যেই প্রথমে ৭২৭ মিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে রেকর্ড ৮৭১ মিলিয়ন ডলার করা হয়।