ফাইনালে কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, ভবিষ্যৎ নিয়েও বাড়ালেন অনিশ্চয়তা

ফাইনালে কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, ভবিষ্যৎ নিয়েও বাড়ালেন অনিশ্চয়তা
ছবির ক্যাপশান, ছবি: রয়টার্স

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ করেছে আর্জেন্টিনা। ফাইনালের পর আবেগ সামলাতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে চোখের পানি মুছতে মুছতেই তিনি বলেন, তার দল শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে। একই সঙ্গে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের গোলে জয়ের দেখা পায় স্পেন। শিরোপা হারালেও খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করেন স্কালোনি।

 

ম্যাচ শেষে তিনি বলেন, "আমি খুব কষ্ট পাচ্ছি। তবে ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। স্পেনই ভালো খেলেছে, এটাই সত্যি। কিন্তু আমার দল যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। এত দূর পর্যন্ত পৌঁছানো কতটা কঠিন, আমরা খুব ভালো করেই জানি।"

 

হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চাননি ৪৮ বছর বয়সী এই কোচ। তার মতে, জয় যেমন মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হয়, তেমনি পরাজয়ও সম্মানের সঙ্গে মেনে নেওয়া উচিত।

 

স্কালোনি বলেন, "আজ আমরা দেখিয়েছি কীভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি। কিন্তু তাই বলে এত দিন ধরে যা করেছি, তা ভুলে যাওয়া যাবে না। দেশের মানুষকে শুধু বলতে চাই, আমরা মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছি।"

 

তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি থাকলেও, এরপর দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি।

 

স্কালোনি বলেন, "লিওর (লিওনেল মেসি) সঙ্গে এখনো কথা হয়নি। আমি সভাপতির সঙ্গে কথা বলব। কী করতে চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। আমি চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখব। আমার কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে। কারণ, এর চেয়েও বড় কিছু করা সম্ভব কি না, আমি জানি না। বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে।"

 

তিনি আরও বলেন, "এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি সভাপতির প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব পালন করাই আমার জন্য অনেক বড় সম্মানের।"

 

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনেই দলটি ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জেতে। ২০২৬ বিশ্বকাপেও টানা দ্বিতীয়বার ফাইনালে তুলেছিলেন দলকে। তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি।

 

বিশ্বকাপ ফাইনালের পর তার আবেগঘন প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত মন্তব্যের কারণে এখন আর্জেন্টিনা ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করবেন এবং নিজের জন্য কিছুটা সময় নেবেন।

 

তথ্যসূত্র: রয়টার্স


সম্পর্কিত নিউজ