{{ news.section.title }}
বিশ্বকাপ থেকে কোন দল পাচ্ছে কত টাকা?
২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে শুধু ট্রফিই নয়, ইতিহাসের সর্বোচ্চ আর্থিক পুরস্কারও ঘরে তুলেছে স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা)। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোহা।
বিশ্বকাপ শুরুর আগে ফিফা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য আর্থিক বণ্টন ১৫ শতাংশ বাড়িয়ে মোট ৮৭১ মিলিয়ন (৮৭ কোটি ১০ লাখ) মার্কিন ডলার নির্ধারণ করে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এই অর্থের মধ্যে রয়েছে পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি, অংশগ্রহণ ভাতা, প্রস্তুতি অনুদান এবং দলগুলোর বিভিন্ন পরিচালন ব্যয়ের জন্য অতিরিক্ত সহায়তা।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য বরাদ্দ ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।
কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের জন্য রয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে। নতুন সংযোজিত শেষ ৩২ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার করে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দল প্রত্যেকে পাবে ৯০ লাখ ডলার পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি।
এ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি অংশগ্রহণকারী দলকে প্রস্তুতি, ক্যাম্প ও অন্যান্য ব্যয়ের জন্য ২৫ লাখ (২.৫ মিলিয়ন) মার্কিন ডলার করে অনুদান দিয়েছে ফিফা। পাশাপাশি প্রতিটি দলের প্রতিনিধিদলের বিমান ভ্রমণ, আবাসন ও স্থানীয় পরিবহনের ব্যয়ও বহন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে দেওয়া হয় না। প্রাইজমানি সংশ্লিষ্ট জাতীয় ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রতিটি ফেডারেশন নিজস্ব নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে অর্থ বণ্টন করে।
২০২২ কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ডলার। ২০২৬ সালে ৪৮ দলে সম্প্রসারিত বিশ্বকাপের কারণে ফিফা তা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। সংস্থাটির লক্ষ্য ছিল অংশগ্রহণকারী কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বড় পরিসরের এই বিশ্বকাপে অংশগ্রহণের ব্যয় সহজে বহন করতে পারে।