{{ news.section.title }}
হোয়াটসঅ্যাপের নতুন প্রধান নিযুক্ত হলেন ভারতের কুনাল শাহ
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহকে নিয়োগ দিয়েছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটির পক্ষ থেকে এই নেতৃত্ব পরিবর্তনকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২২ জুন) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আনুষ্ঠানিকভাবে এই নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেন। একই সময়ে মেটা কুনাল শাহ প্রতিষ্ঠিত ভারতীয় ফিনটেক প্রতিষ্ঠান সিআরইডিতে (CRED) ৯০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগেরও ঘোষণা দেয়। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সংখ্যালঘু অংশীদার হচ্ছে মেটা।
বর্তমান প্রধান উইল ক্যাথকার্ট প্রায় সাত বছর হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়ার পর পদ ছাড়ছেন। তবে তিনি মেটা ছেড়ে যাচ্ছেন না। কোম্পানির নতুন পণ্য উন্নয়ন ও উদ্ভাবনী প্রকল্পে তিনি কাজ করবেন বলে জানানো হয়েছে।
মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, “কুনাল সিআরইডিকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোক্তা মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার রয়েছে।”
ভারতের প্রযুক্তি খাতে কুনাল শাহ একটি অত্যন্ত পরিচিত নাম। ২০১৮ সালে তিনি সিআরইডি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি প্রথমদিকে সময়মতো ক্রেডিট কার্ড বিল পরিশোধকারীদের পুরস্কার দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে এটি ঋণ, বীমা, বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক সেবার বিস্তৃত প্ল্যাটফর্মে পরিণত হয়।
এর আগে কুনাল শাহ নিজের প্রতিষ্ঠিত পেমেন্টস স্টার্টআপ ‘ফ্রিচার্জ’ ভারতের ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিলের কাছে প্রায় ৪০ কোটি ডলারে বিক্রি করেছিলেন। এই বিক্রির পর থেকেই তিনি ভারতীয় স্টার্টআপ জগতের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তায় পরিণত হন।
কুনাল শাহ শুধু উদ্যোক্তা নন, তিনি ভারতের অন্যতম সক্রিয় অ্যাঞ্জেল বিনিয়োগকারী হিসেবেও পরিচিত। বহু নতুন স্টার্টআপে তিনি প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করেছেন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রযুক্তি অঙ্গনে তার বিশেষ সুনাম রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, মেটা বর্তমানে তাদের মূল বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরি করতে চাইছে। সেই কৌশলের কেন্দ্রে রয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ থেকে মেটার আয় তুলনামূলকভাবে সীমিত।
বর্তমানে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটির বেশি। ভারত একাই এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় বাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে ৫০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ভারতকে কেন্দ্র করেই হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ বাণিজ্যিক পরিকল্পনা সাজানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশেষজ্ঞদের মতে, কুনাল শাহের ফিনটেক অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপ পেমেন্টস, ডিজিটাল লেনদেন এবং ক্ষুদ্র ব্যবসাভিত্তিক সেবাগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। বিশেষ করে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারে ডিজিটাল পেমেন্ট এবং ব্যবসায়িক সেবার সম্ভাবনা অত্যন্ত বড়।
গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ ব্যবসায়িক বার্তা, বিজ্ঞাপন, পেমেন্টস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা চালু করেছে। সম্প্রতি ভারতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এআইভিত্তিক গ্রাহকসেবা সুবিধাও চালু করা হয়েছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বিক্রয় সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এখন ক্রমশ বাইরের উদ্যোক্তাদের নেতৃত্বে আনতে আগ্রহী হচ্ছে। কুনাল শাহের নিয়োগ সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অভিজ্ঞতা ব্যবহার করে ভবিষ্যতের পণ্য ও ব্যবসা গড়ে তুলতে চায় কোম্পানিটি।
এদিকে সিআরইডির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন নতুন নেতৃত্বও নির্ধারণ করা হয়েছে। কুনাল শাহ নিজেও এক বিবৃতিতে বলেছেন, “বর্তমানের হোয়াটসঅ্যাপ এবং এর প্রকৃত সম্ভাবনার মধ্যে এখনও অনেক বড় ব্যবধান রয়েছে। সামনে বিশাল সুযোগ অপেক্ষা করছে।”
বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্মের নেতৃত্বে একজন ভারতীয় উদ্যোক্তার আগমন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি খাতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবেরও প্রতিফলন। গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত নেতৃত্বের পর এবার হোয়াটসঅ্যাপের শীর্ষ পদেও একজন ভারতীয় উদ্যোক্তার দায়িত্ব গ্রহণ প্রযুক্তি শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা করল।
তথ্যসূত্র: রয়টার্স