{{ news.section.title }}
আদানির এক ইউনিট বিকল, কমেছে বিদ্যুৎ সরবরাহ; লোডশেডিংয়ের শঙ্কা
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে কারিগরি সমস্যা দেখা দেয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই ইউনিটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদন শুরু করতে ইউনিটটির ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
গত কয়েক দিন ধরে আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহে চাপ তৈরি হয়েছে।
ভারতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের মার্চে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকেও উৎপাদন শুরু হয়।এই অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে দ্রুত সমস্যা সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।