{{ news.section.title }}
ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বান্দরবানে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ও অতিভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। পাশাপাশি অনেক সড়কে পানি জমে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু এলাকায় পাহাড়ি ঢল ও মাটিধসের সম্ভাবনাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িকভাবে সব পর্যটন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে কোনো ধরনের ভ্রমণ করা যাবে না। নিষেধাজ্ঞার আওতায় থাকবেন পর্যটক, ট্যুর অপারেটর, গাইড এবং সাধারণ দর্শনার্থীরাও। সংশ্লিষ্ট সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ি সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের ওপর পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। জনপ্রিয় পর্যটন স্পটগুলোতেও নিরাপদভাবে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এতে পর্যটকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু আসেন। তবে অতিবৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকি থাকলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রশাসনের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধস, আকস্মিক ঢল এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে প্রশাসন জানিয়েছে।