{{ news.section.title }}
চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চট্টগ্রামের চিত্র আমূল বদলে যাবে।
শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের লক্ষ্য চট্টগ্রামকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এ জন্য বন্দর ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ এবং ফ্রি জোন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ ও উৎপাদন বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশকে ঘিরে আগ্রহ বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখছেন। সরকারের লক্ষ্য এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, যাতে আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বিশেষ করে চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল নিয়েও সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সেখানে বিনিয়োগ বাস্তবায়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমি, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে, যাতে দ্রুত শিল্পায়ন এগিয়ে নেওয়া যায়।
এর আগে অর্থমন্ত্রী ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারকাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।